ইরানের সঙ্গে জরুরি বৈঠকে সৌদি-পাকিস্তান-তুরস্ক
ইরানের সঙ্গে জরুরি বৈঠকে সৌদি-পাকিস্তান-তুরস্ক
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সোমবার (২৬ অক্টোবর) বৈঠকে বসতে যাচ্ছে ইরান, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। ইরানের রাজধানী তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন অংশ নেবেন। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইও আলোচনায় উপস্থিত থাকবেন।
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব আলী বাঘেরি জানিয়েছেন, আঞ্চলিক দেশগুলোর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিদেশি হস্তক্ষেপ মোকাবিলা করা তেহরানের কৌশলগত নীতির অংশ।
বাঘেরির মতে, নিজস্ব সক্ষমতার ওপর ভিত্তি করে গড়ে তোলা ইরানের প্রতিরক্ষা মডেল জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠায় সফল হয়েছে।
আইআরআইবি বৈঠকের নির্দিষ্ট সময় জানায়নি। তবে সংশ্লিষ্ট বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈঠকটি আজই অনুষ্ঠিত হবে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি যখন আলোচনায়, তখন চার দেশের এই বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে। তিন দেশের এই জোটের সব সদস্যের সঙ্গে ইরানের শীর্ষপর্যায়ের কর্মকর্তাদের এটিই প্রথম যোগাযোগ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়ার ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে মোতায়েন করা বাহিনী। দেশটির সামরিক কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় সামরিক শক্তি ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এবার হামলা হলে তা শুধু ইরানের রাডার, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র ও সামরিক স্থাপনায় সীমাবদ্ধ নাও থাকতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে দেশটির জ্বালানি অবকাঠামো, সামরিক স্থাপনা ও পারমাণবিক কেন্দ্র।
এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘এটি বড় ধরনের অভিযান হবে।’ সংশ্লিষ্ট বর্তমান ও সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তার ধারণা, ট্রাম্প সামরিক অভিযানের অনুমোদন দেবেন কি না, তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—কবে তিনি সেই নির্দেশ দেবেন। তাদের ধারণা, চলতি বছরের শেষ হওয়ার আগেই অভিযান শুরুর নির্দেশ আসতে পারে। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর এ সম্ভাবনা বেশি।
পাল্টা হামলার আশঙ্কা
মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানের সামরিক বাহিনী এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধকৌশল সম্পর্কে আগের চেয়ে বেশি জানে। ফলে সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলো পুরোপুরি ধ্বংস করা মার্কিন বাহিনীর জন্য কঠিন হতে পারে। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও পেন্টাগন বিস্তৃত লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করছে।
ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে তিনি বড় ধরনের সামরিক পদক্ষেপের দিকে ঝুঁকছেন বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও অতীতেও তাকে কোনো পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়ে পরে শেষ মুহূর্তে সরে আসতে দেখা গেছে।
এদিকে সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা মূল্যায়ন বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে হামলা চালালে ইরান এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা পাল্টা আঘাত হানতে পারে। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও স্থাপনা ছাড়াও অন্য অঞ্চলে হামলার আশঙ্কা রয়েছে।
মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন অনুযায়ী, ইরান মার্কিন কর্মীদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশে হামলার পরিকল্পনা উন্নত পর্যায়ে পৌঁছেছে বলেও জানানো হয়েছে।
সম্ভাব্য উত্তেজনা মোকাবিলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন দূতাবাস থেকে কর্মী সরিয়ে নেওয়ার প্রস্তুতিও চলছে। সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসের কর্মীদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য দূতাবাসগুলোতেও একই ধরনের নির্দেশ আসতে পারে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে নতুন করে পাঠানোর কথা ছিল, এমন কিছু অপ্রয়োজনীয় মার্কিন সামরিক কর্মীর মোতায়েনও স্থগিত করা হয়েছে।
মিশিগানে সেই মুসলিম প্রার্থী জিতলে ‘ক্রিসমাস থাকবে না’, বললেন ট্রাম্প
মিশিগানের সিনেট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী আবদুল এল-সাইদকে নিয়ে মুসলিমবিদ্বেষী আক্রমণ আরও তীব্র করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এমন কথাও বলেছেন, এই প্রগতিশীল চিকিৎসক জিতলে ক্রিসমাস বাতিল হয়ে যাবে।
রোববার ট্রাম্প মিশিগানের পোর্ট হুরন শহরে যান। ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন। তার আগে রিপাবলিকান প্রার্থীদের পাশে দাঁড়াতেই এই সফর। প্রায় দুই ঘণ্টার বক্তৃতায় তিনি কয়েকশ সমর্থকের সামনে কথা বলেন। বক্তৃতার বড় অংশ ছিল মিশিগানের সিনেট নির্বাচন নিয়ে। আল জাজিরার ভাষ্য, ট্রাম্প এল-সাইদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন। এর মধ্যে তাকে ‘জিহাদি’ বলাও আছে।
ট্রাম্প বলেন, ‘সিনেটে ঢোকার আগে মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে যেতে হবে, এমন একমাত্র সিনেটর হবেন তিনি। আমি চাই তার জন্য মেটাল ডিটেক্টর থাকুক।’
এই নির্বাচন রিপাবলিকানদের জন্য খুব গুরুত্বপূর্ণ। মিশিগানের আসনটি ফাঁকা হচ্ছে। সেখানে এল-সাইদের প্রতিপক্ষ রিপাবলিকান মাইক রজার্স। সিনেটে মোট আসন ১০০টি। রিপাবলিকানদের এখন ৫৩ আসনের সংখ্যাগরিষ্ঠতা আছে। এ বছর ভোট হবে মাত্র ৩৫ আসনে। অবসরে যাওয়া ডেমোক্রেটিক সিনেটর গ্যারি পিটার্সের আসনটি রজার্স জিতলে ডেমোক্রেটদের কাজ কঠিন হবে। সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেতে তাদের আরও পাঁচটি আসন ছিনিয়ে নিতে হবে।
আল জাজিরা জানাচ্ছে, কিছুদিন ধরেই ট্রাম্প এল-সাইদের মুসলিম পরিচয় নিয়ে আক্রমণ করছেন। এর আগে তিনি এল-সাইদের নাম ভুলভাবে ‘মোহাম্মদ’ বলেও উল্লেখ করেছেন। রোববার তিনি এই আক্রমণ নতুন মাত্রায় নিয়ে যান।
বক্তৃতায় ট্রাম্প মিথ্যা অভিযোগ করেন, এল-সাইদ যুক্তরাষ্ট্রে শরিয়া আইন চালু করতে চান। তিনি বলেন, ‘তাই আবদুল... চায় আমাদের দেশ শরিয়া আইনের দিকে যাক। সে যদি কখনো তা করতে পারে, তাহলে তার বিচার সবার আগে হওয়া উচিত। আমি সাক্ষী হব।’
সমাবেশে এল-সাইদের নাম এলেই কিছু উপস্থিত ব্যক্তি চিৎকার করে বলছিলেন ‘বিশ্বাসঘাতক’। ট্রাম্প আরও বলেন, ‘আমি এসেছি এক জিহাদি মুসলিম ব্রাদারহুড সদস্যকে যুক্তরাষ্ট্রের সিনেটর হওয়া ঠেকাতে।’
এল-সাইদ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী নাগরিক। তিনি স্বাস্থ্য বিভাগের সাবেক কর্মকর্তা। তিনি সংবিধান রক্ষার শপথ নিয়েছেন। তিনি কখনো মুসলিম ব্রাদারহুড বা অন্য কোনো বিদেশি সংগঠনের সদস্য ছিলেন, এমন প্রমাণ নেই।
২০১৬ সালের নির্বাচনের সময় থেকেই ট্রাম্প মুসলিমবিদ্বেষকে রাজনৈতিক হাতিয়ার করেছেন। ২০১৫ সালে, প্রথম নির্বাচনী প্রচারের শুরুর দিকে, তিনি বলেছিলেন যে তিনি ‘মুসলিমদের যুক্তরাষ্ট্রে ঢোকা পুরোপুরি বন্ধ করে দেওয়ার’ পক্ষে। দুই বছরেরও কম সময় পরে প্রেসিডেন্ট হিসেবে তিনি একটি নির্বাহী আদেশ সই করেন। এতে কয়েকটি মুসলিমপ্রধান দেশ থেকে ভ্রমণ নিষিদ্ধ করা হয়। এটি ‘মুসলিম নিষেধাজ্ঞা’ নামে পরিচিত হয়ে ওঠে। সেই আদেশ বেশি দিন টেকেনি।
রোববার তিনি আবার মুসলিম অভিবাসনের ভয়কে কাজে লাগান। তিনি বলেন, ‘আবদুল আর ডেমোক্রেটরা জিতলে তারা বন্যার বাঁধ খুলে দেবে। আমাদের তীরে ডেকে আনবে জিহাদিদের দল। সহিংসতা আর সন্ত্রাসের এমন দুঃস্বপ্ন তৈরি হবে যে ক্রিসমাসটাও আপনারা করতে পারবেন না।’
এল-সাইদ আগে বেশির ভাগ সময় এই আক্রমণকে ‘মনোযোগ ঘোরানোর’ চেষ্টা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, তার নজর দেশের ভেতরের বিষয়ে। যেমন জীবনযাত্রার খরচ কমানো ও স্বাস্থ্যসেবা বাড়ানো।
https://www.jugantor.com/international/1174560
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন